কয়রা (খুলনা) সংবাদদাতা
খুলনার কয়রা উপজেলায় নিখোঁজের চার দিন পর জোহুরা খাতুন (৪০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের হেতালবুনিয়া খালের পাশে ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি মহারাজপুর গ্রামের রহিম গাজীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ঐ নারী গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। দুটি সন্তানসহ তিনি তার বাবার বাড়িতে বসবাস করতেন। বছর দুয়েক আগে স্বামী ছেড়ে যাওয়ার পর ঐ নারী স্থানীয় ফুলতলা বাজারে মাছ বিক্রি করে সংসার চালাতেন। গতকাল বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কয়রা থানার পুলিশ উপজেলার হেতালবুনিয়া খালের পাশের ধানখেত থেকে তার গলিত লাশ উদ্ধার করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা করার পর লাশ গুম করার উদ্দেশ্যে ধানখেতে ফেলে রেখেছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।