১৬ বছর পর হচ্ছে বেগমগঞ্জে আওয়ামী লীগের কাউন্সিল

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা

২০০৩ সালে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল হওয়ার পর একাধিকবার কাউন্সিল করার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত হয়নি। অবশেষে ১৬ বছর পর আগামী ২৮ সেপ্টেম্বর কাউন্সিল অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এতে নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব দেখা দিলেও অনেকে শঙ্কা প্রকাশ করছে।

বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়, ২৮ সেপ্টেম্বর কাউন্সিল অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়েছে। কাউন্সিলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ কাউন্সিলকে কেন্দ্র করে উপজেলার গ্রামগঞ্জ ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে। কেউ কেউ কাউন্সিলর হওয়ার জন্য, কেউ পদ পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। অপরদিকে সভাপতি সেক্রেটারি হওয়ার জন্যও গ্রুপিং চলছে বলে কতিপয় নেতাকর্মী জানান।

বেগমগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ জানান, দেশের জনমানুষের কল্যাণে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি। এছাড়া দলের মধ্যে দলাদলি, গ্রুপিং আমি বুঝি না। ২৮ তারিখের সম্মেলনে যাতে দলের ত্যাগী নেতাকর্মীরা সুযোগ পায় সেদিকে নজর থাকবে।