জগন্নাথপুরে ভুয়া চিকিত্সক গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জগন্নাথপুরে ভুয়া চিকিত্সক বেলাল হোসেনকে (৪৪) গ্রেফতার করেছে র্যাব। সে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের চরা গ্রামের মঞ্জুর কবিরীর বাড়িতে ভাড়া থেকে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজারে ফার্মেসি ব্যবসা দিয়ে সেখানে লোকজনদের চিকিত্সা দিয়ে আসছিল। র্যাব-৯, সিপিসি সিলেট ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাত পৌনে ৮টায় শাহারপাড়া বাজারে মা সালমা অ্যান্ড নাদিয়া ফার্মেসি থেকে ভুয়া চিকিত্সক বেলাল হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বেলাল ফেনী জেলার সোনাগাজী উপজেলার সোনাপুর দেওয়ান বাড়ি গ্রামের আবদুর রহিমের ছেলে।

র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত বেলাল হোসেনের দেওয়া চিকিত্সাপত্রে এমবিবিএস, সরকারি রেজি: নং-বিএডিএস-১০০৯০০৬/এ লেখা রয়েছে। গ্রেফতারকৃত ভুয়া চিকিত্সক বেলাল হোসেনের কাছে সংশ্লিষ্ট কাজগপত্র এবং সার্টিফিকেট দেখতে চাইলে সে সব রকম সনদ দেখাতে ব্যর্থ হয়। উদ্ধার করা আলামতসহ গ্রেফতারকৃত বেলাল হোসেনকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ভুয়া চিকিত্সক বেলাল হোসেনকে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়েছে।