ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধ ভাবে গড়ে ওঠা ২৩টি কয়লা তৈরির চুল্লি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ফায়ার সার্ভিসের মাধ্যমে চুল্লিগুলোর ভেতরে থাকা কাঠগুলো ভিজিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলায় বিরাহিমপুর গুচ্ছগ্রামে একটি আম বাগানের মধ্যে চারদিকে টিনের বেড়া দিয়ে ২৩টি চুল্লি তৈরি করে দীর্ঘদিন থেকে কাঠ পুড়ে কয়লা তৈরির ব্যবসা চালিয়ে আসছিল কিছু অসাধু ব্যবসায়ী। এ নিয়ে একাধিকবার দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশ হয়। উপজেলার ভূমি অফিস এসিল্যান্ডের দায়িত্বে উপজেলা নির্বাহী অফিসার ওয়হিদা খানম কারখানার মালিককে নোটিশ করে ডেকে আনেন। কারখানার মালিকের দেওয়া ওয়াদা মোতাবেক নিজ জিম্মায় কয়লা তৈরির কারখানা ভেঙে না নিয়ে যাওয়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।