ইত্তেফাক রিপোর্ট
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ, নির্মূল এবং এর স্থায়ী সমাধানের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে এই প্রকল্প হবে পাঁচ বছর মেয়াদি।’ গতকাল বুধবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরে ডেঙ্গু বিষয়ে অভিজ্ঞতা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ।
মেয়র বলেন, ‘ভবিষ্যতে এই শহরে এবারের মতো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, আগামী বছর যাতে আমরা আমাদের নাগরিকদের ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে পারি সেই প্রচেষ্টাই নেওয়া হচ্ছে।’ সাঈদ খোকন বলেন, ‘আমাদের বিদ্যমান জনবল কাঠামো সংশোধনের মধ্য দিয়ে কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট নামে একটা বিভাগ তৈরি করতে চাই। যার মাধ্যমে আমাদের গৃহীত প্রকল্প ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। সিঙ্গাপুর সরকারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে ঢাকা সিটি করপোরেশন দেশটির পরিবেশ, স্বাস্থ্য এবং স্বাস্থ্য ইনস্টিটিউটের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার জন্য একমত হয়েছে। এই সমঝোতাস্মারক স্বাক্ষর হওয়ার পর আমাদের মধ্যে একটি স্থায়ী সম্পর্ক গড়ে উঠবে।
মেয়র এ সময় আরো বলেন, আমরা আগস্টে ঘোষণা দিয়েছিলাম, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে। আজকে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ চলে এসেছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব যে একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে বিষয়টি এমন নয়। তবে ঢাকায় এর প্রকোপ উল্লেখযোগ্যহারে কমে এসেছে, কিন্তু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ এখনো রয়েছে। তবে নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে রয়েছে।