ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিএনসিসি মেয়র
ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন ও স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম গাবতলীতে চারটি ১৫ তলা আবাসিক ভবন এবং একটি চারতলা স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ সরকারের অর্থায়নে “গাবতলী সিটি পল্লিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্লিনারদের জন্য বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প” এর আওতায় এ নির্মাণ কাজ শুরু হয়েছে।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় মেয়র বলেন, এ প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের জুন মাসের মধ্যে ৭৮৪ জন পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা হবে”। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করে জনগণকে সেবা প্রদানের জন্য পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি আহবান জানান। এ সময় প্রকল্পের কাজের মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য আতিকুল ইসলাম ঠিকাদারদের নির্দেশ দেন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২২১ কোটি ৪৯ লাখ টাকা। ২০২১ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। এ প্রকল্পের আওতায় ১৫তলা বিশিষ্ট চারটি আবাসিক ভবন নির্মাণের মাধ্যমে মোট ৭৮৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৫৬২ বর্গফুট। প্রতিটি ফ্ল্যাটে দুইটি বেডরুম, একটি কিচেন, একটি টয়লেট, একটি বাথরুম, একটি বারান্দা থাকবে। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. শরীফ উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মুজিব সারোয়ার মাসুম, মোবাশ্বের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।