শাহজাহানপুর রেল কলোনিতে এখনো বহাল ছয় শতাধিক অবৈধ স্থাপনা

ইত্তেফাক রিপোর্ট

রেলওয়ের জায়গা দখল করে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে। এ সময় ভাঙা পড়ে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নামে গড়ে তোলা বেশ কিছু রাজনৈতিক কার্যালয়। এছাড়া উচ্ছেদ করা হয় বিভিন্ন পাকা, আধাপাকা ও টিনের ঘর। উচ্ছেদের দ্বিতীয় দিন গতকাল বুধবার সব মিলিয়ে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা এবং সহকারী কমিশনার নজরুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার উচ্ছেদ অভিযানের প্রথম দিনে আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর আজ (গতকাল বুধবার)  সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত আরো চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

দুই দিনে সাড়ে ছয় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যা বস্তির মোট অবৈধ স্থাপনার অর্ধেক। এখনো আরো ছয় শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে এই বস্তিটিতে। তবে ধারাবাহিকভাবে এসব স্থাপনা ভাঙা হবে। তিনি বলেন, নিজ উদ্যোগে দখলদারদের জায়গা ছেড়ে যাওয়ার আহবান জানানো হয়েছে।  আর এজন্য তাদেরকে এক সপ্তাহ সময়ও দেওয়া হয়েছে।

নজরুল ইসলাম বলেন, আমরা আগামী এক সপ্তাহ উচ্ছেদ বন্ধ রাখব। এই সময়ের মধ্যে তারা চলে যাবে। যদি না যায়, তাহলে আমরা মামলা করব। এরপর আবার উচ্ছেদ শুরু করব।