শেখ হাসিনার সফরে এনআরসি প্রাধান্য পাবে না:জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে আসামের এনআরসি ইস্যু প্রধান্য পাবে না। মঙ্গলবার নয়াদিল্লিতে মোদি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনআরসি ইস্যু নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা করবেন কি না, জানতে চাইলে জয়শঙ্কর বলেন, এনআরসি কোনো দ্বিপক্ষীয় বিষয় নয়। প্রতিটি সার্বভৌম দেশের অধিকার রয়েছে নাগরিক তালিকা তৈরি করার। আসামে সে প্রক্রিয়া চলছে। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার সফরের সময় এনআরসি নিয়ে কোনো আলোচনা হবে না। যদিও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর ঘোষণা করেনি ভারতীয় কর্তৃপক্ষ। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যখন এ সফরের আনুষ্ঠানিক ঘোষণা হবে তখন এ বিষয়ে যাবতীয় ইস্যু উল্লেখ করা হবে।