সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

সিদ্ধিরগঞ্জে একটি মাদ্রাসার শৌচাগার থেকে আবু তালেব আকাশ (১২) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার সুলতানিয়া তাউফিযুল কোরান মাদ্রাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে আকাশের পরিবারের দাবি, ছেলেটিকে হত্যা করা হয়েছে।

জানা যায়, রূপগঞ্জের গন্ধবপুর উত্তরপাড়া এলাকার অটোরিকশাচালক জাহাঙ্গীর হোসেনের ছেলে আবু তালেব আড়াই বছর আগে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার এই মাদ্রাসায় ভর্তি হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নোমান বলেন, ‘মঙ্গলবার আসরের নামাজের পর  আবু তালেব বাথরুমে গিয়ে আর বের হয়নি। পরে অন্য ছাত্ররা বিষয়টি আমাকে জানালে দরজা ভেঙে দেখি বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় সে অচেতন হয়ে ঝুলে আছে। পরে তাকে স্থানীয় সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে খানপুর ৩০০ শয্যা  হাসপাতালে নিতে বলেন। খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের চাচা আলমগীর বলেন, ‘আবু তালেবের আত্মহত্যার কোনো প্রশ্নই ওঠে না। আমার সন্দেহ হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষুম তদন্তের দাবি জানাই।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে না।