শিবালয় উপজেলার শাকরাইল মোকসেদ আলী একাডেমির খণ্ডকালীন শিক্ষক হাকিম উদ্দিনের নির্মম বেত্রাঘাতে গুরুতর জখম হয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী প্রতাপ সাহা। এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে গতকাল বুধবার লিখিত অভিযোগ করেছেন আহত শিক্ষার্থীর পিতা প্রবীর সাহা।
জানা গেছে, উক্ত বিদ্যালয়ে গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণিত বিষয়ে ক্লাস পরীক্ষায় প্রতাপ ভুল উত্তর লেখায় শিক্ষক হাকিম উদ্দিন ক্ষিপ্ত হয়ে তাকে বেদম প্রহার করেন। এ ঘটনায় সহপাঠী ও অন্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গুরুতর আহত প্রতাপকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়। বিষয়টি বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও সভাপতিকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা না নিয়ে উলটো নানা হুমকি-ধমকি দিচ্ছে বলে শিক্ষার্থীর পিতা অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।