সৌদি আরবের শ্রমমন্ত্রী ড. আব্দুল্লাহ বিন নাসের আবু থুনিয়ান বলেছেন, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নারী কর্মীদের ওপর কোনো ধরনের নির্যাতনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার রিয়াদস্থ সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে সৌদি আরবে কর্মী প্রেরণ এবং অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার প্রতিকার নিয়ে আলোচনা হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নারী কর্মীদের যথাযথ নিরাপত্তা ও প্রাপ্য অধিকারের বিষয়টি উত্থাপন করলে সৌদি শ্রমমন্ত্রী বলেন, এক্ষেত্রে কোনো ধরনের নেতিবাচক ঘটনার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি বলেন, সৌদি আরবে নারী গৃহকর্মীদের জন্য ব্যাংক একাউন্ট খোলা হবে এবং ব্যাংকের মাধ্যমে তাদের বেতন পরিশোধ করা হবে। ২০১৯ সালের শেষ নাগাদ মোসানেদ সিস্টেম আরো আপগ্রেড করা হবে এবং কাজ পরিত্যাগকারী নারী কর্মীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে।
বৈঠকে দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে বছরে অন্তত দুই বার জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠানের বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়। এ বছরের নভেম্বরে জয়েন্ট টেকনিক্যাল কমিটির সভা আয়োজনের ব্যাপারে একমত পোষণ করেন।
বৈঠককালে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, সৌদি শ্রম মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) মাহের আল কাসেম, মহাপরিচালক (দ্বিপাক্ষিক) ফয়সাল আল উতাইবি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব যাহিদ হোসেন ও সারোয়ার আলম, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার এস এম আনিসুল হক এবং শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর মেহেদী হাসান প্রমুখ। গতকাল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।