ফের নীতিনির্ধারণী সুদহার কামানোর ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। বুধবার মুদ্রানীতি নিয়ে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় দুপুরের পর সুদহার কমিয়ে কত করা হচ্ছে সেই ঘোষণা দেওয়া হবে। এর আগে এক দশক পরে গত জুলাইয়ে প্রথম ফেডারেল রিজার্ভ সুদের হার কমায়। মূলত বিনিয়োগ প্রবাহ বাড়াতেই এমন পদক্ষেপ নেওয়া হয়। অর্থনীতি চাঙ্গা করাসহ বিনিয়োগ বাড়াতে সে সময় সুদহার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট কমানো হয়েছে। ফলে ফেডের বেঞ্চমার্ক সুদহার ২ থেকে ২ দশমিক ২৫ শতাংশের মধ্যে নির্ধারণ করা হয়। ধারণা করা হচ্ছে—এবার এই সুদ হার ১ দশমিক ৭৫ থেকে ২ শতাংশের মধ্যে নির্ধারণ করা হবে। বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সংঘাতের কারণে মার্কিন অর্থনীতিতে মন্দার ঝুঁকি বাড়ছে। এই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমিয়ে বিনিয়োগ বাড়াতে চাইছে। সেইসঙ্গে মূল্যস্ফীতি ২ শতাংশে বেঁধে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র। অবশ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম সুদ হার আরো কমিয়ে শূন্যের কোটায় নিয়ে আসার পক্ষপাতী। বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে সুদহার কমানোর সংবাদ বিশ্বের অনেক দেশের জন্য দুঃসংবাদ হতে পারে। কারণ বিশ্বের অন্যান্য দেশের পণ্যের গন্তব্য হলো মার্কিন বাজার। দেশটিতে মূল্যস্ফীতির উঠানামা হলে এসব পণ্য ক্ষতিগ্রস্ত হবে। অবশ্য এর পক্ষেও যুক্তি রয়েছে। মার্কিন গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী নীতিনির্ধারণী সুদহার কমানো হলে দেশে বিনিয়োগ বৃদ্ধি পাবে। ফেড আশা করছে, এ ধরনের সুদহার কমালে বিনিয়োগ বাড়বে। ফলে চক্রাকার প্রবাহে মূল্যস্ফীতির হার কিছুটা বাড়বে, বেকারত্বের হার আরো কমে আসবে।