গতকাল যথাযোগ্য মর্যাদার সঙ্গে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এবং সেই সঙ্গে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া, ঢাকার দোহার-নবাবগঞ্জ, মানিকগঞ্জের ঘিওর উপজেলাসহ রাজধানীর আশেপাশের বিভিন্ন এলাকায় শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা জয়িতাদের দেওয়া হয় সংবর্ধনা।
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪ জন সফল নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রৌশনারা সরকার, ব্র্যাক সিনিয়র জেলা ব্যবস্থাপক মোসাঃ সামসুন নাহার, নারী নেত্রী খাদিজা বেগম প্রমুখ। সমাজ উন্নয়নে অর্থনৈতিক সাফল্য অর্জন অসামান্য অবদানের জন্য খাদিজা খানম, এসিড নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর জন্য মার্জিয়া আক্তার, সমাজ উন্নয়নের জন্য হাসনা হেনা এবং সফল জননী মোসাঃ রাশিদা জাহান জয়িতা পুরস্কার লাভ করেন।
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল রবিবার ঢাকার দোহার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা রহিমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মন্জুর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইবুর রহমান, সমবায় কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, সাবেক অধ্যক্ষ শ্রী মানবেন্দ্র দত্ত, নারী নেত্রী মাধুরী বণিক, রীনা রশিদ প্রমুখ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সফল জননী হিসেবে গবেষক, কলামিস্ট, লেখক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের জননী রাহাতুন্নেসাকে, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদান রাখায় মিনু আক্তারকে, নির্যাতনের কথা ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করায় রাবেয়া আক্তারকে, অর্থনীতিতে অবদান রাখায় রেহানা বেগমকে এবং সামাজিক কার্যক্রম পরিচালনায় অবদান রাখায় ডা. খালেদা খানমকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান মিয়া। প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া।
ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, মানিকগঞ্জের ঘিওরে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে জয়িতাদের সম্বর্ধনা প্রদান, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান জ্যোত্স্না শিকদার, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সামিরা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মোঃ আতোয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন বেগম প্রমুখ। আলোচনা শেষে মোসাঃ ছাহেরা বেগম, তারাবানু এবং রেখা রানী ঘোষকে জয়িতা ক্রেস্ট ও সদনপত্র প্রদান করা হয়।