অন্য আঞ্চলিক ভাষার উপরে হিন্দিকে চাপিয়ে দেওয়ার কথা বলিনি: অমিত শাহ

গত শনিবার হিন্দি দিবসে করা টুইটের বক্তব্য থেকে পিছু হটলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বুধবার তিনি জানান, তিনি কখনোই অন্য আঞ্চলিক ভাষার উপরে হিন্দিকে চাপিয়ে দেওয়ার কথা বলেননি। তিনি বলেন, যদি কিছু মানুষ এই নিয়ে রাজনীতি করতে চান, সেটা তাদের ব্যাপার। গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করেন, ভারত বহু ভাষাভাষীর দেশ এবং প্রতিটি ভাষারই নিজস্ব গুরুত্ব রয়েছে। কিন্তু বিশ্বব্যাপী পরিচিতির জন্যে একটি অভিন্ন ভাষার প্রয়োজন। আজ যদি এমন একটিও ভাষা থাকে যা জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা রাখে তাহলো হিন্দি ভাষা। এই ভাষা ভারতের সর্বাধিক কথ্য এবং সহজবোধ্য ভাষা। ওই টুইটকে ঘিরে শুরু হয় তীব্র প্রতিবাদ। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলো যেখানে বরাবরই হিন্দির ব্যবহার বাড়ানো সংক্রান্ত কোনরকম সম্ভাবনা তৈরি হলেই প্রতিবাদ হয়, সেখানে অমিতের টুইট ঘিরে সরব হন অনেকেই। -এনডিটিভি