ইত্তেফাক রিপোর্ট
দুর্নীতিই উন্নয়নের প্রতিবন্ধকতা বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ সকল প্রকার উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দুর্নীতি। বিভিন্ন গবেষণায় দেখা যায়, বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির ২ থেকে ৩ শতাংশ গ্রাস করছে দুর্নীতি। উন্নয়নের স্বার্থে দুর্নীতি দমন করতে হবে। গতকাল রবিবার সকাল ৯টায় দুর্নীতি দমন কমিশনের সামনের সড়কে শান্তির প্রতীক পায়রা ও ফেস্টুন উড়িয়ে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধন ঘোষণা করার সময় এ মন্তব্য করেন দুুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এসময় দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান এবং এএফএম আমিনুল ইসলামসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি কোনো রাষ্ট্রের একক সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। বিশ্বব্যাপী দুর্নীতির প্রকোপের কারণে দারিদ্র্যবিমোচন এবং কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্ননয় সাধিত হচ্ছে না।
উদ্বোধনের পর দুদক চেয়ারম্যান কমিশনের প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, দুদকের প্যানেল আইনজীবী, ঢাকা মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গার্ল গাইডস, বয়েজ স্কাউট, আনসার, বিএনসিসি, ঢাকা জেলা প্রশাসনসহ নগরীর সর্বস্তরের সাধারণ মানুষ নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন করেন।
এর আগে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ দুই কমিশনারকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা এবং কমিশনের পতাকা উত্তোলন করেন।