নিরাপদ সাংবাদিকতাসহ চার দাবিতে চবি ক্যাম্পাসে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাসহ চার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। তাদের চার দাবির মধ্যে রয়েছে:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও একটি ইংরেজি পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও হয়রানির ঘটনায় জড়িতদের শাস্তি, একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামস জেবিনের ওপর হামলায় জড়িতদের শাস্তি, ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা ও উপাচার্য খোন্দকার মো. নাসিরুদ্দিনের পদত্যাগ নিশ্চিত করা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন,‘সাংবাদিকদের বিরুদ্ধ শক্তি মনে না করে তাদের সহায়ক শক্তি মনে করতে হবে।’ চবিসাসের সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘সাংবাদিক জিনিয়ার পদত্যাগের বিষয়টির মাধ্যমে ভিসি অত্যন্ত হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছেন।’

চবিসাসের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন, সাবেক যুগ্ম সম্পাদক ইমরান হোসাইন, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ রাকীব বলেন, অর্থ সম্পাদক মুনাওয়ার রিয়াজ মুন্না, কার্যকরী সদস্য রায়হানউদ্দিন, সদস্য মীর রাসেল, মিনহাজুল ইসলাম তুহিন ও চবি সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক এজাজ আহমেদ। বক্তারা বলেন,‘বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনে দুর্নীতির সংবাদ প্রকাশের জন্য তথ্য চাইতে গেলে সাংবাদিক জিনিয়াকে বহিষ্কার করা হয়। সামান্য ফেসবুকে স্ট্যাটাসের জন্য শিক্ষার্থীকে বহিষ্কার করা ন্যক্কারজনক ঘটনা।’

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কারের প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা আন্দোলন শুরু করলে গত বুধবার জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।