ফটিকছড়িতে অপহূত যুবক ফেনী থেকে উদ্ধার

মুক্তিপণের জন্য অপহূত চট্টগ্রামের ফটিকছড়ির যুবক রাসেলউদ্দিনকে ফেনী থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার তাকে জেলার ছাগলনাইয়া পৌরসভাস্থ পূর্ব মধুপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে রাজীব বৈদ্য ও আব্দুল করিম বিপ্লব নামে দুই যুবককে আটক করে র্যাব। র্যাব-৭-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, গত বুধবার ফেনীর মহিপাল এলাকা থেকে কতিপয় যুবক রাসেলকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারীরা ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। রাসেলের পিতা নুরুজ্জামান বিষয়টি র্যাবকে জানালে কৌশলে ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার ভোরে অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে ভিকটিম রাসেলকে উদ্ধারের পাশাপাশি দুজন অপহরণকারীকে আটক করা হয়। তবে জাভেদ ইকবাল জিসান ও মো. জুয়েল নামে তাদের দুই সহযোগী পালিয়ে যায়।