সিলেট জৈন্তাপুর উপজেলার থানা সদরের বাস স্ট্যান্ডের সীমান্ত হোটেল থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুয়াড়িকে আটক করে থানা পুলিশ। বুধবার দিনগত রাত ১২টায় তাদের আটক করা হয়। এলাকাবাসী জানায়, সীমান্ত হোটেলের দ্বিতীয় তলার কয়েকটি কক্ষে দীর্ঘদিন যাবত্ অবৈধভাবে অন্তত ১০টি বোর্ড বসিয়ে জুয়া খেলা চলে আসছে।
আটকৃতরা হলো— নিজপাট ইউপির মোর্গাহাটি গ্রামের মহসিন, মো. মইনুল, মজুমদারপাড়া গ্রামের সোহেল আহমদ, রুপচেং মধ্যপাড়া গ্রামের হাফিজুল হক, পানিয়ারাহাটি গ্রামের মো. সমুন মিয়া, জৈন্তাপুর ইউপির বিরাখাই গ্রামের কামরুল হাসান, বাউরভাগ কান্দি গ্রামের মো. কিবরিয়া, একই গ্রামের জালাল উদ্দিন হেলাল, মো. আবদুল্লাহ, বাউরভাগ মল্লিফৌদ গ্রামের বোরহান উদ্দিন, একই গ্রামের হাবিবুর রহমান, বিরাখাই গ্রামের নাছির আহমদ, মোয়াখাই গ্রামের সাধন দাশ, বিরাইমারা গ্রামের ইছাক মিয়া এবং গোয়াইনঘাট উপজেলার সাবেক আলীরগাঁও ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মো. মুছা মিয়া।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান, এর আগে প্রতিটি বাজার এলাকায় মাইকিং করে জুয়া, তীর খেলা ও মাদকের ব্যবসা বন্ধ করার জন্য সাবধান করে দিয়েছি। বন্ধ না হওয়ায় অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।