বাকেরগঞ্জে এক রাতে ছয় স্বর্ণের দোকানে ডাকাতি

বাকেরগঞ্জের কলসকাঠী বাজারে বুধবার রাতে ছয়টি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে টহলরত এএসআই গুরুতর আহত হয়েছেন।

বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, বাজারে টহলরত বাকেরগঞ্জ থানার এএসআই জসিম উদ্দিন ডাকাতদলকে প্রতিহত করতে চাইলে হামলায় গুরুতর আহত হন।

সোনার গহনা ভবনের মালিক টুটুল কর্মকার জানান, ঐ রাতে বিশ্ব কর্মপূজা ছিল। সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার পর হঠাত্ ডাকাতদল হামলা করে মালামাল লুট করে নিয়ে যায়। আমরা এখন নিঃস্ব।

ডাকাতির সত্যতা নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, ডাকাতদের ধরার জন্য অভিযান শুরু করেছি।

বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল আনোয়ার সাইদ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতদলকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।