কিশোরগঞ্জে দুই ইয়াবাসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলেন: জেলা শহরের ফিশারি রোডের মৃত মরম আলীর ছেলে সাদ্দাম হোসেন (২২) ও ধানসিঁড়ি রোডের এরশাদ মিয়ার ছেলে অভি মিয়া (২৫)। বুধবার গভীর রাতে কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমালের নেতৃত্বে পুলিশের একটি দল মনিপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবন অবস্থায় দুই জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক মীর মো. আল কামাহ তমাল তাদেরকে উল্লেখিত দণ্ড দেন। কিশোরগঞ্জ থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, গতকাল বৃহস্পতিবার দণ্ডিতদের সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠান হয়েছে।