লুণ্ঠিত মালামালসহ দুই ডাকাত গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়ায় গুলিশাখালী ডাকাতি মামলার আসামি তানজিম (২৫) ও রাসেলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। বরিশাল কোর্ট রোড স্টিমার ঘাট থেকে ঐ দুই ডাকাতকে গ্রেফতার করে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইলসহ মালামাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গত জুলাই মাসে মুক্তিযোদ্ধা বিজিবির (অব.) সোবেদারের বাড়িসহ একরাতে দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছিল। সে সময় ডাকাতদল দুই ঘর থেকে স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী ঐ পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ঐ মামলায় পুলিশ অনুসন্ধান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার নিশ্চিত করে জানান, তারা দুই জনই ডাকাতদলের সক্রিয় সদস্য। গ্রেফতার ঐ দুই জনকে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।