নাটোরের লালপুরে ছিনতাইয়ের নাটক সাজিয়ে ধরা পড়লেন বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রতিনিধি সুমন আলী (২৬)। তিনি তার মামাতো ভাইকে সঙ্গে নিয়ে এই ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন। তাদের গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার ও টাকা উদ্ধারের পর নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আকরামুল হোসেন লিখিত বক্তব্যে জানান, পুলিশের কাছে খবর আসে চিরঞ্জীব মমতাজ স্মৃতিসৌধ এলাকায় বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলীর কাছ থেকে অস্ত্রের মুখে বিকাশশের পাঁচ লাখ ৮০ হাজার টাকা ও প্রতিষ্ঠানের দুইটি মোবাইল ফোন কেড়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। পরে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ফোর্সসহ তদন্তে নামেন। সে সময় জানতে পারেন, বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলী তার মামাতো ভাই হাসানের সাথে যোগসাজশে একটি ছিনতাই ঘটনার নাটক সাজিয়ে বিকাশের টাকা ছিনতাই করেছেন। পরে বিকাশ ডিস্ট্রিবিউটরের ডিএসও সুমন আলীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন টাকাগুলো তিনি নিজেই ছিনতাই করেছেন। টাকাগুলো তার মামাতো ভাই হাসানের কাছে রেখেছেন। তার স্বীকারোক্তি অনুসারে বৃহস্পতিবার সকালে বড়াইগ্রাম থানার মিস্ত্রিপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে হাসানের ঘর থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার ও হাসানকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে প্রেসব্রিফিংয়ে জানানো হয়।