কলমাকান্দায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকার চাল) ১২৩ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।
বুধবার রাত দেড়টার দিকে উপজেলা প্রশাসন কলমাকান্দা উপজেলা সদরের খেয়াঘাট এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের দোকান থেকে ঐ চাল জব্দের নির্দেশ দেয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, উপজেলা সদরের খেয়াঘাট এলাকার এক ডিলারের দোকানে ১২৩ বস্তা চালের পাটের তৈরি সরকারি বস্তা পালটে পাস্টিকের বস্তায় মজুত করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে ঐ চাল জব্দের নির্দেশ দেন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, এ বিষয়ে আরো অধিকতর তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআই আক্রাম জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।