ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান,ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার গুদাম থেকে সাড়ে ৮০ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে প্রশাসন। এরপর থেকে ঐ গুদাম সিলগালা করে রাখা হয়েছে।
বৃহস্পতিবার শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুচ এ চাল উদ্ধার করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার জানান, অবৈধভাবে ভিজিএফের চাল মজুত রাখার খবর পান জেলা প্রশাসক। তার নির্দেশে তিনি চাল উদ্ধার করেছেন। এ চাল কোরবানির ঈদের আগে দুস্থদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ আসে। কিন্তু বিতরণ না করে মজুত করে রাখা হয়েছিল।
শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম জানান, সাড়ে ৮০ বস্তা চাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ১৬১টি ভিজিএফের কার্ডধারী দুস্থদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল। কাউন্সিলর ডেলিভারি না নেওয়ায় চাল গুদামে মজুত পড়েছিল।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, এ ব্যাপারে কে দায়ী, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।