কুবিতে ১০ প্রশাসনিক পদে রদবদল

আইন অনুষদের ডিনের পদত্যাগ এবং আরো ৯টি প্রশাসনিক পদের মেয়াদ শেষ হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১০ প্রশাসনিক পদে রদবদল হয়েছে। বুধবার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ড. মো. আবু তাহের।

রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, আইন অনুষদের ডিন ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ ব্যক্তিগত সমস্যার কারণে পদত্যাগ করায় তার স্থলে লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখকে আইন অনুষদের ডিন এবং কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ কাজী ওমর সিদ্দিকী রানা শিক্ষা ছুটিতে যাওয়ায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. এমদাদুল হককে প্রাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।

এ ছাড়া মেয়াদ পূর্ণ হওয়ায় সহকারী প্রক্টর পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোকাদ্দেস-উল-ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভুঁইয়াকে নতুন নিয়োগ এবং রসায়ন বিভাগের প্রভাষক রবিউল আলমকে পুনঃনিয়োগ দেওয়া হয়। পূর্ববর্তী হাউজ টিউটরদের মেয়াদ শেষ হওয়ায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলামকে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মহিবুল্লাহকে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক ও অর্থনীতি বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলামকে কাজী নজরুল ইসলাম হলে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নকীবুন নবীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে দায়িত্ব দেওয়া হয়।