সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। এর ফলে বিচারিক আদালতে এই মামলার বিচার কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। বর্তমানে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।
২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিমুল। এ ঘটনায় পৌর মেয়র মিরুসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালত থেকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলা স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে আসামিরা রিট করলে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। এর বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালত। একইসঙ্গে আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেওয়া হয়। ১৪ অক্টোবর ঐ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।