কলাপাড়া তাপবিদ্যুত্ কেন্দ্রের জন্য প্রথম কয়লাবাহী জাহাজ ভিড়ল বন্দরে

পটুয়াখালীর কলাপাড়ায় বিসিপিএল বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের জন্য ২০ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে প্রথমবারের মতো এমভি জিন হাই টং-৮ জাহাজ নোঙর করেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে হংকংয়ের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে কয়লা নিয়ে এক সপ্তাহ পর পায়রা বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বিদ্যুেকন্দ্রের জেটিতে ভেড়ে। বিকালের দিকে জাহাজ থেকে কয়লা জেটির সয়ংক্রিয় বেল্টের মাধ্যমে বিদ্যুেকন্দ্রের অভ্যন্তরে পৌঁছানো শুরু হয়।  

বন্দরের একটি সূত্র জানায়, পায়রা তাপবিদ্যুত্ কেন্দ্রের জন্য প্রথম কয়লাবাহি জাহাজটি ফেয়ারওয়ে বয়া অতিক্রম করে রাবনাবাদ চ্যানেলে সকাল ৯টায় প্রবেশ করে। এরপর জাহাজটির শুল্কায়নসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে বন্দর কর্তৃপক্ষ। জার্মানির ওল্ডেন ড্রাফট কেরিয়ার্স লিমিটেডের মাধ্যমে বাংলাদেশের বেনকন সেটারনস লিমিটেড পোর্ট এজেন্ট হিসেবে এ কয়লা আমদানি করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এ মালেক জানান, ‘পায়রা বিদ্যুেকন্দ্রের জন্য আমরাই সব সময় কয়লা আমদানি করব।’

বাংলাদেশ-চায়না পাওয়ার জেনারেশন কোম্পানির (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল   আলম, প্রকল্প পরিচালক শাহ্ আবদুল মওলা, পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ সাইদুর রহমান, চিফ হাইড্রোগ্রাফার লে. কমান্ডার মো. সাইফুল ইসলাম, বিসিপিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক চি ইউসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ সাইদুর রহমান বলেন, বিসিপিসিএল জেটিতে অক্টোবর মাসে চারটি জাহাজ আসবে। ডিসেম্বর মাসে আটটি জাহাজ আসবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের পায়রা বন্দরের বাস্তবায়ন শুরু হলো।