ডিম কি হূদেরাগের ঝুঁকি বাড়ায়?

আদর্শ খাবার হিসেবে বিশেষ সুনাম রয়েছে ডিমের। শরীর গঠনের জন্য প্রয়োজনীয় সব উপাদান রয়েছে ডিমে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানেক্টিকাটের পুষ্টিবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ক্রিস্টোফার ব্লেসো বলেন, ডিম অত্যন্ত পুষ্টিকর। অন্যান্য খাবারের সঙ্গে ডিম খেলে তা আমাদের শরীরে বেশি পরিমাণে পুষ্টি শোষণের ক্ষমতা বাড়িয়ে দিতে সহায়তা করে; কিন্তু এতো গুণ থাকার পরও ডিম নিয়ে শঙ্কার কথাও শুনিয়েছেন বিজ্ঞানীরা। বেশ কিছু গবেষণার ফলাফলে বলা হয়েছে, ডিম খেলে হূদেরাগের ঝুঁকি বেড়ে যায়। তাদের যুক্তি, ডিমে উচ্চমাত্রার কোলেস্টেরল থাকার কারণেই নাকি ডিম খেলে হূদেরাগের ঝুঁকি বাড়ে।

গবেষণায় বলা হয়েছে, একটি ডিমের কুসুমে প্রায় ১৮৫ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে, যা মার্কিন খাদ্য নীতিতে থাকা দৈনিক গ্রহণযোগ্য কোলেস্টেরলের মাত্রার অর্ধেক। এই নীতি অনুযায়ী প্রতিদিন ৩০০ মিলিগ্রাম কোলেস্টেরল গ্রহণ করা যায়। মানবদেহের যকৃত্ এবং অন্ত্রে তৈরি হয় কোলেস্টেরল। সব মানুষের দেহকোষেই পাওয়া যায় কোলেস্টেরল। সাধারণত কোলেস্টেরলকে স্বাস্থ্যের জন্য খারাপ মনে করা হয়; কিন্তু কোষের মেমব্রেন বা পর্দা গঠনের পেছনে       গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই কোলেস্টেরল। দেহে ভিটামিন ডি এবং টেসটসটেরন ও অয়েস্ট্রোজেন হরমোন উত্পাদনেও এটি জরুরি। অতিপ্রয়োজনীয় সব কোলেস্টেরলই তৈরি হয় আমাদের শরীরে। এর পাশাপাশি গরুর মাংস, চিংড়ি, ডিম, পনির এবং মাখনেও পাওয়া যায় কোলেস্টেরল।

রক্তের লাইপোপ্রোটিন অণু আমাদের দেহে কোলেস্টেরল বহন এবং স্থানান্তরিত করে। প্রত্যেক মানুষের দেহে এসব লাইপোপ্রোটিনের আলাদা আলাদা ধরন থাকে এবং এতে হূদেরাগের ঝুঁকি তৈরি হবে কি না তা নির্ধারণ করে এ ধরনের ব্যক্তিগত বৈশিষ্ট্যের ওপর। কম ঘনত্বের লাইপোপ্রোটিন বা এলডিএল কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল হিসেবে বিবেচনা করা হয়—যা কি না যকৃত্ থেকে ধমনি এবং কোষে পরিবাহিত হয়। গবেষকরা বলেন, এর ফলে রক্তনালিতে কোলেস্টেরল জমা হয় এবং হূদেরাগের ঝুঁকি বেড়ে যায়। তবে গবেষকরা কোলেস্টেরল গ্রহণের মাত্রার সঙ্গে হূদেরাগের ঝুঁকি বেড়ে যাওয়ার কোনো সংশ্লিষ্টতা উল্লেখ করেননি।

এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন অর্ধেক পরিমাণ ডিম বেশি খেলে হূদেরাগের ঝুঁকি বাড়ে। তবে চলতি বছরের শুরুর দিকে প্রকাশিত গবেষণায় ডিম যে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এমন ধারণাকে চ্যালেঞ্জ করা হয়েছে। গবেষকরা ৩০ হাজার প্রাপ্তবয়স্ক মানুষকে ১৭ বছর ধরে পর্যবেক্ষণ করেন। তারা দেখেন যে, প্রতিদিন অর্ধেক ডিম বেশি খেলে তা উল্লেখজনক হারে হূদেরাগের ঝুঁকি বাড়িয়ে দেয়, এমনকি মৃত্যুও ঘটায়।

গবেষকরা বলেন, আমরা দেখেছি যে, কোনো ব্যক্তি প্রতি ৩০০ মিলিগ্রাম কোলেস্টেরল অতিরিক্ত গ্রহণ করলে, তা সে যে খাবার থেকেই হোক না কেন, তা তার হূদেরাগের ঝুঁকি ১৭ শতাংশ বাড়িয়ে দেয় এবং মৃত্যুঝুঁকি বাড়িয়ে দেয় ১৮ শতাংশ। যুক্তরাষ্ট্রের ইলিনয়ের নর্থ-ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রিভেনটিভ মেডিসিনের সহযোগী অধ্যাপক নরিনা অ্যালেন বলেন, প্রতিদিন অর্ধেক পরিমাণ ডিম বেশি খেলে হূদেরাগের ঝুঁকি ৬ শতাংশ এবং মৃত্যুঝুঁকি ৮ শতাংশ বাড়িয়ে দেয়। —বিবিসি