নতুন নেতৃত্ব পেল ছাত্রদল

সভাপতি খোকন সম্পাদক শ্যামল

দীর্ঘ ২৭ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খোকন, আর সাধারণ সম্পাদক হয়েছেন ইকবাল হোসেন শ্যামল।

বৃহস্পতিবার ভোরে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত পৌনে ৯টায় শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ভোটগ্রহণ শুরু হয়। ৬টি বুথে ৫৩৩ জন কাউন্সিলরের ভোট প্রদান করার কথা থাকলেও ভোট পড়ে ৪৮১টি। ১৮৬ ভোট পেয়ে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন খোকন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পেয়েছেন ১৭৮ ভোট। ১৩৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন শ্যামল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির            পেয়েছেন ৭৬ ভোট। নির্বাচনে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন ।

সভাপতি খোকনের বাড়ি বগুড়া জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র। ছাত্রদলের গত কমিটিতে গণশিক্ষাবিষয়ক সহসম্পাদক ছিলেন তিনি। সাধারণ সম্পাদক শ্যামলের বাড়ি নরসিংদীতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সায়েন্সের শিক্ষার্থী ছিলেন। শ্যামল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

ছাত্রদলের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১৪ সালের ১৪ অক্টোবর। নির্বাচনের আগে স্কাইপিতে প্রার্থী ও কাউন্সিলদের মতামত নেন তারেক রহমান। নির্বাচন শেষে আবারো স্কাইপিতে ছাত্রদলের উদ্দেশ্য বক্তব্য দেন তারেক রহমান।