নিউ ইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ছেন আজ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফরে নিউ ইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ছাড়ছেন আজ। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় এক সপ্তাহ নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী একাধিক গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টেও অংশ নেবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে আজ শুক্রবার বিকালে আবুধাবীর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) আবুধাবী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে একদিনের যাত্রা বিরতি শেষে ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় (স্থানীয় সময়) তিনি ইত্তেহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের পথে যাত্রা করবেন। একই দিনে প্রধানমন্ত্রী বিকাল ৪টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে কো-চেয়ার হিসেবে জাতিসংঘ ইকোনমিক অ্যান্ড সোসাল কাউন্সিলে (ইসিওএসওসি) ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়ে উচ্চ পর্যায়ের বহুপাক্ষিক প্যানেল বৈঠক পরিচালনা করবেন।

প্রধানমন্ত্রীর জাতিসংঘের অধিবেশনে যোগদান উপলক্ষ্যে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এক  সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর এবারের সফরে রোহিঙ্গা, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ প্রভৃতি ইস্যু প্রাধান্য পাবে। এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেজসহ বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে। রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কানাডা ছাড়াও ওআইসি, আইসিজে প্রতিনিধিসহ আন্তর্জাতিক ফোরামের সঙ্গে আলোচনা হবে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী ভ্যাকসিনেশন ও যুব দক্ষতা উন্নয়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে দুটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করবেন। তিনি লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালসহ আন্তর্জাতিক সুপরিচিত গণমাধ্যমকে সাক্ষাত্কার দেবেন প্রধানমন্ত্রী ।

২৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টায় প্রধানমন্ত্রী ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে নিউ ইয়র্ক থেকে আবুধাবি হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। ১ অক্টোবর ভোরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানযোগে আবুধাবি থেকে ঢাকায় পৌঁছাবেন।