চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুরে রুবেল হোসেন (২৮) নামের এক যুবকের দুই হাতের কবজি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে পদ্মার তীরে এ ঘটনা ঘটে। আহত রুবেল উপজেলার রাণীহাটি বাজারের মৃত খোদাবক্সের ছেলে। বর্তমানে সে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। স্বজনরা অভিযোগ করেছেন, পদ্মা নদীর উজিরপুর ঘাটে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে স্থানীয় এক প্রভাবশালী এই হামলা করেছে।
রুবেলের চাচাতো ভাই আব্দুস সালাম জানান, বালু তোলা নিয়ে রুবেলের সঙ্গে যাদের ঝামেলা ছিল, তারাই এটা ঘটিয়েছে। তিনি জানান, ঘটনার রাতে রুবেল তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় কয়েকজন তাকে ধরে পদ্মা নদীর তীরে নিয়ে নির্যাতন চালিয়ে দুই হাতের কবজি কেটে দেয়। খবর পেয়ে রুবেলকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ আহমেদের কাছে এ বিষয়ে জানতে তার মোবাইলে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার ওসি আতিক ইসলাম জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেনি। খোঁজখবর নেওয়া হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ ঐ এলাকায় অভিযান শুরু করেছে।