যান্ত্রিক ত্রুটির কারণে শাহজালালে বিমানের জরুরি অবতরণ

ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেওয়ায় আকাশে ওড়ার এক ঘণ্টা পর হযরত শাহজালাল (রা) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে বিজি-০৮৪ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করলেও প্রায় এক ঘণ্টা পাঁচ মিনিট আকাশে ওড়ার পর বিমানবন্দরে ফিরে আসে। বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি টেকনিক্যাল ল্যান্ডিং করেছে।

জানা গেছে, ঢাকা থেকে ১৪৩ জন যাত্রী নিয়ে সকালে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে বিমানের বিজি ০৮৪ ফ্লাইটের বোয়িং বিমানটি। উড্ডয়নের পর পৌনে ৯টার দিকে পাইলট দেখেন যে উড়োজাহাজটির চাকা ফোল্ড করছে না। পরবর্তীতে উড়োজাহাজটি শাহজালাল (রা) আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করান পাইলট। ফিরে আসা উড়োজাহাজটির যাত্রীদের নিয়ে পৌনে ১১টার দিকে আরেকটি ফ্লাইট সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বলে জানিয়েছেন বিমানের ঐ উপমহাব্যবস্থাপক।