সিরাজদিখানে মামির হাতে ভাগনি খুন!

সিরাজদিখানে মামির হাতে ভাগনি খুনের ঘটনা ঘটেছে। তুচ্ছ ঘটনায় মামি রহিমা আক্তারের (২৮) কাঁচির আঘাতে ভাগনি কলেজছাত্রী তাসনিম আক্তার নিপা (১৭) খুন হয়েছে। নিপা ইছাপুরা সরকারি কেবি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। ঘটনাটি ঘটেছে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাহেরকুচি গ্রামে। বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় নিপার মৃত্যু হয়। এ ব্যাপারে নিপার বাবা বাদী হয়ে সিরাজদিখান থানায় গতকাল বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেন। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক রহিমা বেগম ও তার স্বামী আবু তাহের পালিয়েছে।

স্বজন ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গত ১৩ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নিপার মা রোমেলা বেগমকে মারধর করে রহিমা আক্তার ও আবু তাহেরসহ কয়েকজন। এ সময় নিপা তার মাকে মারধর থেকে রক্ষা করতে গেলে তার মামি রহিমা বেগম কাপড় কাটার কাঁচি দিয়ে নিপার পেটে আঘাত করে। পরে নিপাকে চিকিত্সার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় চিকিত্সক উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় পাঠান। পরে ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় বুধবার দিবাগত রাতে তার মৃত্যু ঘটে। সিরাজদিখান থানার ওসি (অপারেশন) কাজী রমজানুল জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরার চেষ্টা চলছে।