বাঘাইছড়িতে জেএসএস দুই কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) দলের দুই কর্মী রিপেল চাকমা (২৪) ও বর্ষণ চাকমাকে (২৮) গুলি করে হত্যার ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেএসএস (সন্তু) বাঘাইছড়ি সাধারণ সম্পাদক বড় ঋষি চাকমাকে প্রধান আসামি করে ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিহত রিপেল চাকমার স্ত্রী রেশি চাকমা এই মামলাটি দায়ের করে বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মনজুরুল আলম। এছাড়া এ ঘটনায় অজ্ঞাত আরও ২৪জনকে এ হত্যাকাণ্ডে আসামি দেখানো হয়েছে।

আরও পড়ুন: ভিসির পদত্যাগ দাবিতে বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মঞ্জুরুল আলম বলেন, হত্যাকাণ্ডেরর ঘটনায় জড়িত অপরাধীদের ধরতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সজাগ রয়েছে। অপরাধীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না। তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের নবছড়া এলাকায় ঘর থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয় এ দুই সংস্কার কর্মীকে। এই ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস (সন্তু) লারমা সমর্থিত দলকে দায়ী করে নিহতের পরিবার। কিন্তু দায় শিকার করেনি জেএসএস (সন্তু) দলের কেও। এই হত্যাকাণ্ডকে ঘিরে দুই দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে বাঘাইছড়িবাসী। যে কোন সময় বড় ধরনের সংঘাতের আশংকা করছে স্থানীয়রা।

গত জানুয়ারি থেকে সেপ্টম্বর পর্যন্ত ১৪ জনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আহত হয়েছে ৩৫ জন। অপহরণ ও মারধরের শিকার হয়েছে কমপক্ষে ২০ জন। আর নিজেদের মধ্যে বন্দুক যুদ্ধে জড়িয়েছে বহুবার। এসব ঘটনায় মামলা হলেও বার বার আসামিরা রয়েছে ধরাছোয়ার বাহিরে।  

ইত্তেফাক/এমআরএম