অভিনয়ের পাশাপাশি নির্মাণেও নিয়মিত

বিনোদন রিপোর্ট

 

এদশের গুণী অভিনেত্রী আফসানা মিমি। তবে পরিচালক হিসেবেও তার প্রশংসা কম নয়। অভিনয় থেকে দূরে থাকার পর পরিচালনা নিয়ে ব্যস্ততা চলছে তার। এবার একসঙ্গে ৪টি নাটক নিয়ে এলেন তিনি। আফসানা মিমির ভক্তদের জন্য এটি আনন্দের সংবাদ। ৪টি নাটকের মধ্যে একটি গতকাল প্রচার হয়েছে  চ্যানেলে আইয়ে। ‘সমান্তরাল’ শিরোনামের এই নাটকে অভিনয় করেছেন একাধিক পরিচিত মুখ।

গত জুলাই মাসে একটি এনজিওর প্রযোজনায় নির্মিত নাটকগুলো সব চ্যানেল আইতে প্রচার হবে। বাকি ৩টি নাটকের মধ্যে ‘নৈঋত’ প্রচার হবে ২৭ সেপ্টেম্বর, ‘বহ্নি’ প্রচার হবে ৪ অক্টোবর ও ‘বিপ্রতীপ নাটকটি ১১ অক্টোবর একই সময়ে প্রচার হবে। টিভিতে প্রচারের পর নাটকগুলো একটি অনলাইন প্লাটফর্মেও প্রচার হবে বলে জানিয়েছেন মিমি। অন্যদিকে অভিনয়েও এখন ব্যস্ত সময় পার করছেন আফসানা মিমি। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘পাপ পুণ্য’ শিরোনামের একটি নাটকে অভিনয় করছেন তিনি। এজন্য শুটিংয়ে ঢাকার বাইরে অবস্থান করছেন তিনি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে বলে জানান তিনি।