কোমলমতি শিশুদের পাঠদান বারান্দায়

থই থই পানি শ্রেণিকক্ষে

g তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো বৃষ্টির পানিতে থইথই করছে। প্রতিষ্ঠানের অফিসসহ শ্রেণিকক্ষ পানিতে নিমজ্জিত থাকায় বারান্দায় চলছে কোমলমতি শিশুদের পাঠদান।

পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালে। ২০১৩ সালে সরকারি বিদ্যালয়ের স্বীকৃতি পায়। এ মাসের কয়েকদিনের ভারী বর্ষণে ঐ বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ ও একটি অফিসরুম পানিতে নিমজ্জিত হওয়ায় শিক্ষকরা খুবই কষ্টে শিক্ষার্থীদের বারান্দায় পাঠদান করাচ্ছেন। বিদ্যালয়ের চারপাশ ঘুরে দেখা যায় শৌচাগারের পাশে বেঞ্চ পাতিয়ে রৌদ্রের ভিতর শিক্ষকগণ কোমলমতি শিশুদের ক্লাস নিচ্ছেন।

প্রধান শিক্ষিকা বন্ধনা চন্দ জানান, গত দেড় মাস ধরে পানির মধ্যে ক্লাস চালানোর ফলে অনেক শিক্ষার্থী জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়েছে। অনেকেই স্কুলে আসা ছেড়ে দিয়েছে। তিনি আরো বলেন, তালা উপজেলায় এ স্কুলটি ফলাফলের দিক দিয়ে প্রথম স্থান অধিকার করে। বর্তমানে এ বিদ্যালয়ে ৩৩৩ জন শিক্ষার্থী ও পাঁচ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন।

এদিকে শিক্ষার্থীদের পড়াশুনার কথা বলতে গিয়ে বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. অলিউল ইসলাম বলেন, এই স্কুলের সব শিক্ষক কোমলমতি শিশুদের পাঠদান দিতে খুবই আন্তরিক এবং যাতে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করে সেজন্য স্বেচ্ছাশ্রমে স্কুলে সান্ধ্যকালীন পাঠদানের ব্যবস্থা চালু রেখেছেন। তিনি আরো বলেন, ২০১৯ সালে ৫২ জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫ জন এ প্লাস, ৯ জন ট্যালেন্টপুলে ও একজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে আমাদের শত চেষ্টা সত্ত্বেও হয়তো-বা ভালো ফলাফলের ধারাবাহিকতা ব্যর্থ হতে পারে। তাই বিদ্যালয়টিতে দ্রুত বহুতল ভবন নির্মাণ করে বিদ্যালয়ের বর্তমান সমস্যা সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি জানান।