সংবাদ সংক্ষেপ

আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বারেককে গ্রেফতার করেছে। থানার ওসি মো.আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৈলা ইউনিয়নের শিহিপাশা গ্রামের আব্দুল মাজেদের ছেলে আব্দুল বারেককে এএসআই ইউসুফ গ্রেফতার করেছেন। বারেক জিআর মামলায় সাজাপ্রাপ্ত ও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেফতারকৃতকে শুক্রবার বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে নির্ধারণের দাবিতে বৃহস্পতিবার বিকেলে প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নেত্রকোনা প্রেসক্লাবের সড়ক এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আবু জাহিদ দুলদুল, মো. মুসলিম উদ্দিন ফকির প্রমুখ।

মসলার আধুনিক উত্পাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ

মাগুরা প্রতিনিধি মাগুরা মসলা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রে শুক্রবার মসলা জাতীয় ফসলের আধুনিক উত্পাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সেবা ও সরবরাহ উইং) ডক্টর বাবু লাল নাগের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) কমলারঞ্জন দাস। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও পরিকল্পনা পরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর গোবিন্দ চন্দ্র বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন প্রমুখ। 

দুর্যোগঝুঁকি হ্রাস ও কৃষি সেবাবিষয়ক গণশুনানি

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় বৃহস্পতিবার বিকেলে দুর্যোগঝুঁকি হ্রাস ও কৃষি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশন এর আর্থিক সহায়তায় ও বাংলাদেশ ডিজেস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি) এর উদ্যোগে উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা মাধ্যমিক বালিকা মিলনায়তনে এ গণশুনানী অনুষ্ঠিত হয়। কপিলমুনি ইউনিয়ন উত্পাদনকারী দলের সভাপতি মো. সাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার।

দ্বিতীয় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে র্যালি

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা দ্বিতীয় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার মির্জাপুরে র্যালি ও আলোচনা সভা হয়েছে। মির্জাপুরে কুমুদিনী পরিবার কুমুদিনী হাসপাতাল কমপ্লেক্সে এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালি শেষে বিপি পতি মিলনায়তনে আলোচনা সভা হয়। কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. এ বি এম আলী আহম্মদ, ডা. রমা সাহা, সিস্টার মিনতি ও সিস্টার দীপালী পেরেরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা প্রতিনিধি ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় শুক্রবার সকালে শুরু হয়েছে সর্বাত্মক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জেলা শহরের খুলনা রোড মোড় থেকে এ অভিযান শুরু করেন। জেলা প্রশাসকের সঙ্গে এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাইদ, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরার এন ডি সি স্বজল মোল্লা, সাতক্ষীরা পৌর কাউন্সিলর শফিক উদ্দৌলা সাগর প্রমুখ।

কুষ্টিয়ায় ১ হাজার রোগীকে বিনা মূল্যে চিকিত্সা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার পল্লীতে শুক্রবার দিনব্যাপী বিনা মূল্যে চিকিত্সা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হালসা স্কুলে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার ইফতেখার মাহমুদ। এ সময় ১ হাজার রোগীকে বিনা মূল্যে চিকিত্সা দেওয়া হয়। মেডিসিন বিশেষজ্ঞ ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার ইফতেখার মাহমুদ, ঢাকা পঙ্গু হাসপাতালের অধ্যাপক ডাক্তার আনিসুর রহমান লাবু, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার চৌধুরী সরওয়ার জাহান, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আশরাফুল হক দারা প্রমুখ রোগীদের চিকিত্সা দেন।

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ টি-টোয়েন্টি সিরিজ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শুক্রবার তিন দিনের ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ টি-টোয়েন্টি সিরিজ উদ্বোধন করা হয়েছে। শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে সিরিজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো.  লোকমান হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এএসপি (সদর দপ্তর) আবু সাইদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি প্রমুখ।

ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উদ্বোধন

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা বোরহানউদ্দিনে শুক্রবার সকালে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম ক্লাবের কার্যক্রম উদ্বোধন করেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা জানান, বোরহানউদ্দিনের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি ভাষায় ভীতি ও দুর্বলতা কাটানো এবং মেধাবী প্রজন্ম গঠনের উদ্দেশ্যে এই ক্লাব গঠনের উদ্যোগ প্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন প্রমুখ।

ঈশ্বরদীতে গাছের চারা রোপণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীতে গতকাল শুক্রবার ২ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করেছে উপজেলা ও পৌর যুবলীগের নেতারা। ঈশ্বরদী প্রেসক্লাব চত্বরে নিম ও মেহেগনি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল। এ সময় প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সহসাধারণ সম্পাদক শেখ মহসীন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাধা গোবিন্দ মন্দিরের পূর্ণাঙ্গ কমিটি

দাকোপ (খুলনা) সংবাদদাতা চালনা পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অতিন মণ্ডলকে সভাপতি, বিলাশ বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও প্রাক্তন শিক্ষক পরিমল বিশ্বাসকে কোষাধ্যক্ষ করে রাধা গোবিন্দ মন্দির পরিচালনা পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ত্রিবার্ষিকী এ কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ৯ আগস্ট সন্ধ্যায় এলাকায় মাইকিং করে মন্দির প্রাঙ্গণে উপস্থিত অধিকাংশ লোকের মতামতের ভিত্তিতে ঐ তিন জনের নাম ঘোষণা করে একটি কমিটি গঠন করা হয়। চালনা পৌরসভা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও নবগঠিত কমিটির সভাপতি অতিন মণ্ডল বলেন, নানা কারণে এতদিন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিতে দেরি হয়েছে।

মহিলা যুবলীগের কর্মীসভা ও কমিটি গঠন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা শাহজাদপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মহিলা যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কর্মীসভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্মসম্পাদক ও সাবেক ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি জেদ্দা পারভীন খান। উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য মৌসুমী খান বাবলার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সদস্য লাবণী চৌধুরী, সিরাজগঞ্জ জেলা মহিলা যুবলীগের আহ্বায়ক রুমানা রেশমা প্রমুখ।