অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ
স্পোর্টস রিপোর্টার
সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৮ ফুটবলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা মুখোমুখি হতে যাচ্ছে আজ। শ্রীলঙ্কা এবারই প্রথম এই টুর্নামেন্টে খেলছে। বাংলাদেশের প্রথম সাক্ষাত্ হবে বয়সভিত্তিক টুর্নামেন্টে। বাংলাদেশ অভিজ্ঞ দল। আগের দুই আসরে খেলেছে। লঙ্কানরা খেলেনি। তাদের অভিজ্ঞতা নেই। প্রথম আসরে লড়াই করতে গিয়ে লঙ্কানদের তুলনায় এগিয়ে বাংলাদেশ। তবে এই দুই দলই মনে করছে পেছনের ইতিহাসের চেয়ে বাস্তবতা হচ্ছে এখন দুই দলকেই সামনের কথা ভাবতে হবে। কার কি শক্তি সেটাই পরীক্ষা হবে মাঠে। নেপালের কাঠমান্ডুতে ছোটোদের সাফের খেলা গতকাল শুরু হয়েছে। স্বাগতিক নেপালে গোল হজম করে গোল শোধ করে ভুটানের বিপক্ষে ড্র করেছে।
দুই গ্রুপে ৬টি দল এবার লড়াই করছে। ‘এ’ গ্রুপে নেপাল, ভুটান ও মালদ্বীপ এবং ‘বি’ গ্রুপে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশই কঠিন গ্রুপে। শক্তিশালী ভারত রয়েছে এখানে। শ্রীলঙ্কাকে আজ হারাতে পারলে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশ। গ্রুপের দ্বিতীয় এবং শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। তাই প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। বলা যায় প্রথম ম্যাচেই বাংলাদেশের চোখে অলিখিত ফাইনাল ম্যাচ। লঙ্কানদের হারাতে পারলে ভারতের বিপক্ষে ম্যাচটা সহজ হয়ে যাবে। আর যদি আজ বাংলাদেশ না জিততে পারে তাহলে সেমিফাইনালে যাওয়াটা বাংলার ফুটবলারদের জন্য কঠিন হয়ে যাবে। শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ শুরু হবে বিকাল ৪টায়।