বাংলাদেশ অস্ট্রেলিয়া শেষ ম্যাচ আজ

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল

স্পোর্টস রিপোর্টার

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল হতে বাংলাদেশের বিদায় হয়ে গেছে প্রথম দুই ম্যাচ খেলে। আজ গ্রুপের শেষ ম্যাচ এবং নিয়মরক্ষার ম্যাচে বিকাল ৪টায় বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে।

এই ম্যাচে বাংলাদেশের হার-জিতের কিছু নেই। এখন বাংলাদেশের মেয়েরা চিন্তা করছে কতটা ভালো করা যায়। মনিকা, তহুরা, মারিয়া, সাজেদা, নাজমারা যখন ভালো খেলার কথা ভাবছে, তখন অন্য পিঠে অস্ট্রেলিয়া ভাবছে কীভাবে গোল বন্যায় ভাসানো যায় বাংলাদেশকে। কারণ আজকে জাপান ও থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচও রয়েছে।

এই ম্যাচে নির্ভর করছে অস্ট্রেলিয়ানদের করণীয়। বাংলাদেশের বিপক্ষে থাইল্যান্ডের একমাত্র জয়টি তাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। জাপানকে টপকে যেতে অস্ট্রেলিয়ানদের টার্গেট গোল গড়টা বাড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া।

বাংলাদেশের ওপর দিয়ে অস্ট্রেলিয়ান ঝড় যাবে এটা সহজেই অনুমেয়। বাংলাদেশের নারী ফুটবল দলের আজকের ম্যাচ হতে কিছু না পাওয়ার থাকলেও কোচ গোলাম রাব্বানী ছোটনরা হাল ছেড়ে দিতে রাজি না। নিয়মরক্ষার ম্যাচেও অনেক কিছু পাওয়া যেতে পারে। মনে করিয়ে দিচ্ছেন এই টুর্নামেন্টের আগের আসরে বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্স করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। থাইল্যান্ডের এই চুনবুরীর মাঠেই অস্ট্রেলিয়াকে ঘাম ঝরিয়ে দিয়েছিল বাংলাদেশের নারী ফুটবলাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-২ গোলে হারলেও সেই ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। প্রথম ৯ মিনিটে গোল হজম করে পিছিয়ে যাওয়া বাংলার ফুটবলাররা প্রথমার্ধেই সমতা আনে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই নতুন পরিকল্পনায় গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। ৭৮ এবং ৮৩ মিনিটে দুই গোল হজম করে জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিয়েছিল। ভাগ্যটাও ভালো ছিল না সেদিন। নিজেদের স্ট্রাইকার আহত হয়ে মাঠ ছাড়েন।

তার ওপর খেলোয়াড় পরিবর্তনে মুনশিয়ানার পরিচয় দেখাতে পারেননি বাংলাদেশ দলের অস্ট্রেলিয়ান পলম্মলী। এই নিয়ে তখনকার সময়ে ফুটবল অঙ্গনে সমালোচনাও হয়েছিল। হারের পথে যাচ্ছিল অস্ট্রেলিয়া, তখন খেলোয়াড় পরিবর্তনে দক্ষতার পরিচয় না দিয়ে ভুল সিদ্ধান্ত কেন কেন নেবে। ২০১৭ সালে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চূড়ান্ত পর্বের খেলায় বাংলাদেশের পারফরম্যান্স ভালো ছিল। প্রশংসিত হয়েছিল। কারণও ছিল। উত্তর কোরিয়ার (৯-০) কাছে বড়ো ব্যবধানে হারলেও গোল হজম করেছে লড়াই করে। জাপানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল। এবার জাপানের বিপক্ষে ৯-০ গোলে হেরেছে মারিয়ারা। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ০-১ গোলের হারটি আফসোস বাড়িয়েছিল।

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা মরণ কামড় দেওয়ার অপেক্ষায় রয়েছে বাংলার নারী ফুটবলাররা। হারাবার কিছু নেই। কোচ ছোটন বলেন, ‘তিনি তার মেয়েদের জানিয়েছেন জাপান ম্যাচ ভুলে নতুন ম্যাচের জন্য তৈরি হও।’ যতটা সম্ভব নিজেদের সব শক্তি নিয়োগ করে খেলবে বলে জানিয়েছেন অধিনায়ক মারিয়া মান্ডা।  

 

পয়েন্ট টেবিল

গ্রুপ ‘এ’          খেলা        জয়           ড্র            হার              গোল          পয়েন্ট

জাপান                 ২                ১                 ১                ০                     ৯                    ৪

অস্ট্রেলিয়া             ২                ১                 ১                ০                     ৫                   ৪

থাইল্যান্ড              ২                ১                 ০                ১                      -৪                  ৩

বাংলাদেশ             ২                ০                 ০                ২                      -১০                ০