প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফরে গতকাল শুক্রবার আবুধাবি হয়ে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার বিকাল ৩টা ৩৫ মিনিটে আবুধাবির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, বাংলাদেশে আমিরাতের রাষ্ট্রদূত, ভ্যাটিকানের রাষ্ট্রদূত এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন।
আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। আবুধাবিতে একদিনের যাত্রাবিরতির পর ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় (স্থানীয় সময়) ইত্তেহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের পথে যাত্রা করবেন। একই দিনে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকাল ৪টা ২৫ মিনিটে নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।