সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। গতকাল শুক্রবার তিনি নিউ ইয়র্কে যান। এমনকি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিও জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন। খবর বিবিসি ও এপির
বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া সাক্ষাত্কারে জাভেদ জারিফ বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যদি কোনো সামরিক হামলা চালায়, তাহলে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে এমন মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে এর একদিন পরই পররাষ্ট্রমন্ত্রী জারিফ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে খবর পাওয়া গেল। এর আগে বৃহস্পতিবার জাতিসংঘে ইরান মিশনের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ইরানের প্রেসিডেন্ট রুহানি এবং পররাষ্ট্রমন্ত্রী জারিফ ভিসা পেয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এবং প্রেসিডেন্ট সোমবার নিউ ইয়র্কে পৌঁছাবেন বলে ঐ মুখপাত্র জানান। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, উত্তরাঞ্চলীয় তেলক্ষেত্রের নিরাপত্তায় সৌদি আরবের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র কী ধরনের সহায়তা দিচ্ছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগন।