চারঘাটে বড়াল নদী থেকে ৩ গলিত লাশ উদ্ধার

রাজশাহীর চারঘাটে বড়াল নদী থেকে তিনটি গলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে লাশগুলো উদ্ধার করে চারঘাট ফায়ার সার্ভিসের একটি দল। তবে এখন পর্যন্ত লাশগুলোর পরিচয় জানতে পারেনি স্থানীয় প্রশাসন। তিনটি লাশ নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এটি কি হত্যা না কি অন্য কিছু।

চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু জানান, শুক্রবার সকালে চারঘাটের স্লুইসগেট এলাকায় মরদেহগুলো দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায় লাশগুলো কচুরিপানায় আটকে রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি দল সকাল থেকে বিকাল পর্যন্ত চেষ্টা চালিয়ে লাশগুলো উদ্ধার করে। তবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কীভাবে তিনটি লাশ এখানে আসল। এরা কি পানিতে ডুবে মারা গেছে নাকি অন্য কারণে। সেটির জন্য ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।     ওসি আরো বলেন, তিনটিই পুরুষের লাশ। একটি মৃত মহিষও পাওয়া গেছে।

এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মরদেহগুলো উজান থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এরপরও উজানের জেলা বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাদের জেলার কোনো ব্যক্তি নিখোঁজ আছে কি না তা খতিয়ে দেখছে তারা।

এদিকে লাশ ভাসছে এমন খবরে চারঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ ভিড় করে স্লুইস গেট এলাকায়।