চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবলীগ কর্মী রুবেলের দুই হাতের কব্জি কাটার ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা তারিক আহম্মেদ, জাহাঙ্গীর আলম ও একই এলাকার আলাউদ্দিন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার টি এম মুজাহিদুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে যুবলীগ কর্মী রুবেলের ২ হাতের কব্জি কেটে নেয়ার বিষয়টি জানতে পেরে তাত্ক্ষণিকভাবে পুরো এলাকা নজরদারিতে এনে চিরুণী অভিযান শুরু করে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২টার দিকে জাহাঙ্গীর ও আলাউদ্দিনকে এবং রাত ৮ টার দিকে সদর উপজেলার আমনুরা থেকে ঘটনার মূল হোতা চেয়ারম্যান ফয়েজ ও তার সহযোগী তারিক আহম্মেদকে গ্রেফতার করে পুলিশ। তিনি আরও জানান, আহতের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত পদ্মা নদীর একটি ঘাটের টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে গত কয়েক মাস থেকে উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ ও রানীহাটির আওয়ামীলীগ নেতা সালামের সঙ্গে বিরোধের জেরে বুধবার রাতে সালামের চাচাত ভাই রুবেল ও তার ২ সহযোগীকে আটক করে চেয়ারম্যানের লোকজন। পরে বেড়িঁবাঁধের নিচে মধ্যযুগীয় কায়দায় রুবেলের ২ হাতের কব্জি কেটে তার ২ বন্ধুর হাতে তাকে তুলে দেয়া হয়।