এমন রঙিন ছবিটা হয়তো হ্যামিল্টন মাসাকাদজাই কল্পনা করেননি। বিদায় বেলায় সাগরিকা যেন দুহাত ভরে দিল জিম্বাবুয়ের স্বর্ণালী সময়ের এই ক্রিকেটারকে।
গতকাল ক্যারিয়ারের শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মাসাকাদজা। ব্যাট হাতে হাফ সেঞ্চুরি করেছেন। তার ব্যাটে চড়ে টানা তিন ম্যাচ হারের পর জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে জিম্বাবুয়ে। জয় দিয়ে ১৮ বছরের ক্যারিয়ার শেষের তৃপ্তি পেলেন মাসাকাদজা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল আফগানিস্তানকে ৭ উইকেটে পরাজিত করেছে জিম্বাবুয়ে। টি-২০ তে আফগানিস্তানের বিপক্ষে এটিই জিম্বাবুয়ের প্রথম জয়।
রান তাড়া করতে নেমে অধিনায়ক মাসাকাদজার হাফ সেঞ্চুরিতে ১৯.৩ ওভারে ৩ উইকেটে ১৫৬ রান তুলে ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। শেষবার ২২ গজে নামার সময় দুই দলের ক্রিকেটাররা গার্ড অব অনার দিয়েছেন মাসাকাদজাকে। ৪২ বলে ৭১ রানের (৪ চার, ৫ ছয়) ইনিংস খেলে ফিরেন তিনি। পরে চাকাভার ৩৯, শন উইলিয়ামসের অপরাজিত ২০ রানে জয় নিশ্চিত করে জিম্বাবুয়ে। আফগানদের পক্ষে মুজিব ২টি উইকেট নেন।
এর আগে ৮ উইকেটে ১৫৫ রান তুলেছিল আফগানিস্তান। ৯.৩ ওভারে ওপেনিংয়ে ৮৩ রান করার পরও আফগানদের রানটা বড়ো হয়নি। যার মূলে এমপোফুর দুর্দান্ত বোলিং। স্লোয়ারের জালে ফেলে ৩০ রানে চার উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের এই পেসার। শেষ ৪৮ রানে সাত উইকেট হারায় আফগানরা। রহমানউল্লাহ গুরবাজ ৬১, হজরতউল্লাহ জাজাই ৩১, শফিকউল্লাহ ১৬, ফজল নিয়াজাই ১২, গুলবাদিন নাইব ১০ রান করেন। জিম্বাবুয়ের মুতুমবোজি দুটি, জার্ভিস-শন উইলিয়ামস একটি করে উইকেট নেন।