ঢাকার দোহারে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে একটি ডেইরি ফার্মে হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশাই গ্রামে মো. আজহারুল ইসলামের মদিনা ডেইরি ফার্মে এই হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের দাবি ভাঙচুর ও লুটপাটে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় বাবুল হোসেন (৫০) নামে এক জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, একই এলাকার প্রতিবেশী মিলন গংদের সঙ্গে একটি ক্রয়কৃত জায়গার দখল নিয়ে ফার্মের মালিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার ভোর ৩টার দিকে প্রতিবেশী মিলন ও মিলনের চাচাতো ভাই শেখ জাহেরের নেতৃত্বে ভাড়া করা ৫০/৬০ জন মুখোশ পড়া দুর্বৃত্ত ডেইরি ফার্মে পিস্তল, দেশীয় অস্ত্র, হ্যামার (বড়ো হাতুরি), রড, শাবল, চাপাতিসহ ফার্ম এলাকা ঘেরাও করে হামলা চালায়। এ সময় ডেইরি ফার্মের চারটি আধাপাকা ঘর, টয়লেট, টিউবওয়েল, আসবাবপত্রসহ বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করে। এ সময় ডেইরি ফার্মের কেয়ারটেকার বাবুল হোসেন প্রতিপক্ষের হামলায় আহত হন। পরে তাকে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে ডাকাত হামলা করেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামের লোকজন সেখানে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দুইটি গাভী, গো-খাদ্য, টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ডেইরি ফার্মের মালিক আজহারুল ইসলাম বলেন, বিদ্যমান জায়গাটি আমরা রেকর্ডিয় মালিক। আদালতের মাধ্যমে মামলার রায় পেয়ে ডেইরি ফার্মে স্থাপনা নির্মাণ করে আমরা ভোগদখল করে আসছি।
দোহার থানার ওসি সাজ্জাদ বলেন, বাড়িঘরে হামলা বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।