মাসুদ দাউদ আকবানী ৬ষ্ঠ বারের মতো সিআইপি নির্বাচিত

শিল্প স্থাপন, পণ্য উত্পাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় বারের মতো বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি (রপ্তানি)-২০১৭ নির্বাচিত হলেন রূপগঞ্জের এসিএস টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ দাউদ আকবানী। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসুদ দাউদের হাতে সিআইপি কার্ড তুলে দেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিআইপি সম্মাননাপ্রাপ্ত ব্যবসায়ীগণ বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে প্রবেশপাশ ও গাড়ির স্টিকারপ্রাপ্তি, জাতীয় অনুষ্ঠান ও মিউনিসিপ্যাল ও সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণপ্রাপ্তি, ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। এছাড়া ব্যবসাসংক্রান্ত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে লেটার অব ইনট্রোডাকশন প্রাপ্তি, নির্বাচিত সিআইপি তার স্ত্রী, পুত্রকন্যা ও নিজের চিকিত্সার জন্য সরকারি হাসপাতালে কেবিনপ্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন এবং বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা পাবেন।