অপরাধী যেই হোক ছাড় পাবে না ----------- শেখ সেলিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, অপরাধী যেই হোক ছাড় পাবে না। এ ব্যাপারে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। গতকাল শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের দলের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠককালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগে চট্টগ্রাম জেলা-উপজেলা কমিটিগুলোর সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

শেখ সেলিম বলেন, দলের গুটি কয়েক অপরাধীর দায় আওয়ামী লীগ নেবে না। দলের আগামী সম্মেলনের মাধ্যমে দলকে আরো সুসংগঠিত করা হবে। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুজিবুল হক, চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।