জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, এ সরকারের সময় আর বেশি দিন নেই। সরকারকে বলব, দুই-তিন মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। নইলে মানুষ রাস্তায় নেমে এলে পালানোরও সুযোগ পাবেন না। গতকাল শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মুক্তিমঞ্চের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।
অলি আহমদ বলেন, দেশে কে বা কারা ক্যাসিনো চালায় এটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীই নয়, সরকারও জানে। একটি মুসলিম ও সভ্য দেশে এটা কীভাবে সম্ভব? তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির সব প্রমাণ থাকার পরও বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ছাত্রলীগের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না সরকার। প্রতিটি জায়গায় সরকারদলীয় নেতা-কর্মীরা ভাগাভাগির রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। এ কারণে সরকারি কর্মকর্তারা এখন আর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ নেতাদের সম্মান করে না।
অলি আহমদ আরো বলেন, দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এখন ক্লাস হয় না। অযোগ্য ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা নষ্ট করে দিয়েছে সরকার। পৃথিবীর এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। সংবাদ সম্মেলনে জাতীয় মুক্তিমঞ্চের নেতা কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল ও জাগপার ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।