কাতারে বাংলাদেশ হারিয়েছে ভুটানকে

কাতারের দোহায় অনুষ্ঠানরত এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে জয় পেয়েছে বাংলাদেশের কিশোর ফুটবল দল। গতকাল রাতে দোহা অ্যাসপায়ার ডোম ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ৩-০ গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছে।

‘ই’ গ্রুপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল এটি। প্রথম খেলায় বাংলাদেশ দুর্দান্ত খেলেও কাতারের বিপক্ষে ২-০ গোলে হেরে ছিল। লড়াই করে হারলেও সেই ম্যাচ শেষে আফসোস করেছিল বাংলার কিশোর ফুটবলাররা। গতকাল দ্বিতীয় খেলায় ভুটানকে উড়িয়ে দিতে দুর্দান্ত খেলেছে। সেখানে প্রবাসী বাঙালি দর্শকও ছিল ভুটানের বিপক্ষে ম্যাচে। ৪৫ মিনিটে সাইদ গোল করেন। ৪৯ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ফরোয়ার্ড মইন ভুটানের গোলকিপারকে কাটিয়ে ম্যাচের তৃতীয় গোল করেন। আগামীকাল ইয়েমেনের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।