মাদারীপুরে ৩টি আসনে ১২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

মাদারীপুরে ৩টি আসনে ১২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার মো. ওয়াহিদুল ইসলাম মাদারীপুর জেলার তিনটি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। তবে শিবচর-১ আসন থেকে জাতীয় পার্টির জহিরুল ইসলাম মিন্টুকে কোন প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।

জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, চূড়ান্ত ভোটযুদ্ধে অংশ নেওয়া প্রার্থী ও যাদের প্রতীক দেওয়া হয়েছে তারা হলেন- মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম লিটন চৌধুরী (নৌকা) বিএনপির সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী (ধানে শীষ), জাতীয় পার্টির জহিরুল ইসলাম মিন্টু (প্রতীক বরাদ্দ হয়নি), ইসলামি আন্দোলন বাংলাদেশের মওলানা আবু জাফর (হাত পাখা) ও জাকের পার্টির শাহ নেওয়াজ (গোলাপ ফুল)।

মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান খান (নৌকা), বিএনপি’র মিল্টন বৈদ্য (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আল-আমিন মোল্লা (সিংহ), ইসলামি আন্দোলন বাংলাদেশের লোকমান হোসেন জাফরী (হাতপাখা) ও জাকের পার্টির আসাদুজ্জামান আকন (গোলাপ ফুল)।

আরো পড়ুন: ঝিনাইদহ-২ আসনে বিএনপি প্রার্থীর কার্যালয়ে দুবৃর্ত্তদের হামলা

মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত ড. আব্দুস সোবাহান গোলাপ (নৌকা) বিএনপির আনিসুর রহমান খোকন তালুকদার (ধানে শীষ) ও ইসলামি আন্দোলন বাংলাদেশের অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন (হাতপাখা)।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম বলেন, মাদারীপুরের তিনটি আসনে ১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। কিন্তু ৭ জন প্রার্থীর মনোনয়নে ভুল তথ্য থাকায় বাতিল করা হয়। পরে এদের মধ্যে ৪ জন আপিল করে প্রার্থিতা ফিরে পায়। মাদারীপুরের তিনটি আসনে এখন ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।’ তবে মাদারীপুর-১ আসনের জাতীয় পার্টি মনোনয়ন ফরমের সাথে মিল না পাওয়ায় তার প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।

এছাড়া মাদারীপুরে দুটি আসনের বিএনপির দুজন বিকল্প প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করেছেন। আর এ দুটি আসন থেকে চূড়ান্ত মনোনয়ন ফরম জমা দিয়েছে মাদারীপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী ও মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিল্টন বৈদ্য।

ইত্তেফাক/বিএএফ